যবিপ্রবিতে জীবনবৃত্তান্ত ও সাক্ষাৎকার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টার সময় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক শরিফ হোসেন গ্যালারিতে দ্য গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ও জাস্ট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. অভিনু কিবরিয়া, ঢাকা থেকে আগত মূখ্য আলোচক জহিরুল ইসলাম এবং মোঃ আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন জাহিরুল ইসলাম ও মো. আরিফ। তারা শিক্ষার্থীদের পেশাগত জীবনের প্রস্তুতি, কার্যকর জীবনবৃত্তান্ত তৈরি এবং চাকরির সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
দ্য গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. অভিনু কিবরিয়া বলেন, সাক্ষাৎকারের প্রস্তুতির ক্ষেত্রে মৌলিক বিষয়গুলো নিয়ে নিয়মিত চর্চা ও সচেতনতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়। শিক্ষকরা শিক্ষার্থীদের গড়ে তোলার কারিগর, আর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রত্ন ও ভবিষ্যৎ প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়জীবনে শিক্ষার্থীদের নিজেকে শুধু একটি নির্দিষ্ট এলাকার প্রতিনিধি নয়, বরং বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে। ভাইভায় শুধু অর্জিত জ্ঞান নয়, নিজেকে কতটা আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করা যায়, সেটিও গুরুত্বপূর্ণ। শিক্ষক বা ভাইভা বোর্ডের প্রত্যাশা বুঝে সে অনুযায়ী নিজেকে উপস্থাপন করতে পারলে ভাইভায় ভালো করা সম্ভব।



























