শুক্রবার ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮, ২ অক্টোবর ২০২৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত
ছবিঃ সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের রজত জয়ন্তী আজ উদযাপিত হয়েছে।

২ অক্টোবর শুক্রবার খুবি-প্রথম অ্যালামনাই নেটওয়ার্ক আয়োজিত সংশ্লিষ্ট ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ উপলক্ষ্যে বেলা ১১টায় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আগে তিনি সমবেত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।

এরপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, আজকের দিনটি অত্যন্ত আনন্দ এবং গর্বের। এই বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাস হাজারো তরুণের স্বপ্নকে বাস্তবে রূপদান করেছে। শিক্ষার্থীরা এখান থেকে জ্ঞান অর্জন করে দেশ ও দেশের বাইরে নিজেদের মেধার স্বাক্ষর রাখছে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। এখানকার গ্র্যাজুয়েটরা বিভিন্ন ক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন এবং এই বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করছেন যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এ অনুষ্ঠানকে সুন্দর ও সফল করতে যারা নিরলসভাবে পরিশ্রম করেছেন তাদের ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন। এ সময় আরও বক্তব্য রাখেন খুবি-প্রথম অ্যালামনাই নেটওয়ার্কের সভাপতি মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক সুব্রত গুহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’-এর পরিচালক ও প্রথম ব্যাচের প্রাক্তন অধ্যাপক ড. মো. আশিকুর রহমান এবং সাবরিনা আফতাব।

এর আগে খুবি-প্রথম অ্যালামনাই নেটওয়ার্কের পক্ষ থেকে উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য উপহার প্রদান করা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে আরও রয়েছে প্রথম ব্যাচের যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় বাদ জুমা মিলাদ মাহফিল এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় সুন্দরবনের উদ্দেশে যাত্রা।

জনপ্রিয়