মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭, ৬ অক্টোবর ২০২৬

চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রায় ৫ হাজার শিক্ষার্থীর মধ্যে ৯৯ শতাংশই যৌক্তিক ও ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা জানান তারা।

মানববন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই আদর্শ সামনে রেখে নতুন ও সমৃদ্ধ দেশ গঠনে যে নবজাগরণের স্বপ্ন দেখানো হয়েছে, চুয়েটের শিক্ষার্থীরা সেই দেশেরই তরুণ প্রজন্ম। তারা আশা করেন, প্রধানমন্ত্রী তাদের যৌক্তিক দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল। তাই চুয়েটের প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থীর যৌক্তিক দাবিও তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে বিশ্বাস।

একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগ, বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার কথা এরই মধ্যে সামনে এসেছে।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক। একজন অভিভাবক হিসেবে আপনি যেমন আপনার সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন, তেমনি দেশের হাজারো শিক্ষার্থীকেও আপনার সন্তানের মতো বিবেচনা করবেন এটাই আমাদের প্রত্যাশা।

শিক্ষার্থীরা জানান, তারা কোনো সংঘাত চান না। শান্তিপূর্ণভাবে তাদের যৌক্তিক দাবি বিবেচনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রত্যাশা।

শিক্ষার্থীদের আবেদন, প্রধানমন্ত্রী যেন তাদের বক্তব্য শোনেন, পাশে দাঁড়ান এবং চুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়