বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত কুয়েটের ৬ সাবেক শিক্ষার্থী

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত কুয়েটের ৬ সাবেক শিক্ষার্থী
ছবিঃ প্রতিনিধি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রবর্তিত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য প্রকাশিত চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টি থেকে ২০১৯ ও ২০২০ সালের তালিকায় তিনজন করে শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তবে ২০২১ সালের তালিকায় কুয়েটের কোনো শিক্ষার্থী নেই।

ইউজিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করে প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে তালিকা পুনরায় যাচাই শেষে মোট ৪৬৯ শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ইউজিসির ওয়েবসাইটের সম্মাননা সেবা অংশে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ শিরোনামে তালিকাটি প্রকাশ করা হয়েছে।

চূড়ান্ত তালিকায় কুয়েটের ছয়জনের মধ্যে ২০১৯ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৪–১৫ শিক্ষাবর্ষের তিন সাবেক শিক্ষার্থী। তারা হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহেই মেনুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের খাদিজাতুল কুবরা এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মো. ইসমাঈল হোসাইন।

এ ছাড়া ২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন ২০১৫–১৬ শিক্ষাবর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী সামসুদ্দিন আহমেদ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী অমিত দত্ত রায় এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী নূরিন মোহসিন।

পেশাগত জীবনেও কুয়েটের এসব সাবেক শিক্ষার্থী সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন। তাঁদের অধিকাংশই বর্তমানে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। মোহেই মেনুল ইসলাম কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। খাদিজাতুল কুবরা কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বর্তমানে শিক্ষা ছুটিতে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছেন।

মো. ইসমাঈল হোসাইন কুয়েটের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

এদিকে সামসুদ্দিন আহমেদ কুয়েটের পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বর্তমানে শিক্ষা ছুটিতে তিনি সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলসের পুরকৌশল বিভাগে পিএইচডি করছেন। 

অন্যদিকে নূরিন মোহসিন কুয়েটের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। বর্তমানে শিক্ষা ছুটিতে তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। অমিত দত্ত রায় কুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং বর্তমানে শিক্ষা ছুটিতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

ইউজিসির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১, এই তিন বছরে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মোট ৪৬৯ শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এর মধ্যে কুয়েটের ছয়জন।

তালিকায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী স্থান পেয়েছেন। এই ছয় বিশ্ববিদ্যালয় থেকেই মোট ১৪৩ জন শিক্ষার্থী তালিকায় রয়েছেন। এ ছাড়া দেশের বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তালিকায় স্থান পেয়েছেন।

পাশাপাশি অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১১, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে আট, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে সাত এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে ছয়জন মনোনীত হয়েছেন। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ৩৮ জন শিক্ষার্থী তালিকায় রয়েছেন।

জনপ্রিয়