রোববার ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ১০ অক্টোবর ২০২৬

ডিসেম্বরে ‘ত্রয়ী-১৫’, আগমনী বার্তা দিল ‘ত্রিবেণী’

ডিসেম্বরে ‘ত্রয়ী-১৫’, আগমনী বার্তা দিল ‘ত্রিবেণী’
ছবিঃ প্রতিনিধি

নতুন উদ্যমে, নতুন নেতৃত্বে আবারও নিজেদের চিরচেনা রূপে ফিরলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাংস্কৃতিক সংগঠন ' ত্রিভুজ'। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুর, ছন্দ আর নৃত্যের নান্দনিক মেলবন্ধনে সাজানো তাদের আয়োজন “ত্রিবেণী”। 

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে অনুষ্ঠিত হয় তাদের এ বিশেষ আয়োজন। এসময় ত্রিভুজ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. জিয়াউল হক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রোক্টর অধ্যাপক ড. আবদুল আলীম।  

অনুষ্ঠানে জুরে ছিল সংগীত পরিবেশনা, ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক নৃত্য, ছেলে ও মেয়েদের পৃথক নৃত্য পরিবেশনা এবং দলীয় নৃত্যসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এই আয়োজন উপভোগ করতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বহিরাগত দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, সাংস্কৃতিক অঙ্গনে ত্রিভুজ সাংস্কৃতিক সংগঠনকে নতুন উদ্যমে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই তাদের এই নতুন পথচলা শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর সংগঠনটির কার্যক্রম পুনরায় সচল করা এবং বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে তারা। তাদের ঐতিহ্যবাহী আয়োজন ‘ত্রয়ী–১৫’-এর আগমনী বার্তা পৌঁছে দিতেই আয়োজন করা হয় ‘ত্রিবেণী’ শীর্ষক ফ্ল্যাশমব। 
 
এ সময় আয়োজন উপভোগ করতে এসে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিব আহমেদ তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিষয়টা খুবই ভালো লাগছে যে ধীরে ধীরে আমাদের ক্যাম্পাসেও সাংস্কৃতিক আয়োজন বাড়ছে। দীর্ঘদিন ধরে যে সকল সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম বন্ধ ছিল তারাও ধিরে ধিরে আমাদের মাঝে নতুন কিছু নিয়ে ফিরে আসছে। যেহুতু আমাদের একাডেমিক ব্যস্ততা অনেক বেশি এই ধরনের আয়োজন গুলো আমাদের একঘেয়েমিতা দূর করতে অনেক সাহায্য করে।

আয়োজন সম্পর্কে ত্রিভুজের সাধারণ সম্পাদক মো. ফাহিম বলেন, ত্রিভুজ সাংস্কৃতিক সংগঠনের সর্বশেষ আয়োজন ‘ত্রয়ী–১৪’ অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে। দীর্ঘ বিরতির পর আবারও এই আয়োজনকে ঘিরে কাজ শুরু করতে পেরে আমরা আশাবাদী। আমাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ‘ত্রয়ী–১৫’ এবং সেই আয়োজনের আগমনি বার্তা হিসেবেই আমাদের আজকের এ আয়োজন। 

দর্শকদের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, কমিটি ঘোষণা হওয়ার খুবই অল্প সময়ের মাঝে আমাদের এই আয়োজন। কিন্ত তার পরেও সবার কাছ থেকে যেমন সাড়া পাচ্ছি বিষয়টা খুবই ভালো লাগছে। ত্রিবেণী’র মধ্য দিয়ে যে যাত্রা শুরু হলো, তার পূর্ণতা আমরা দিতে চাই ‘ত্রয়ী–১৫’-এর মঞ্চে।

জনপ্রিয়