বুধবার ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৯, ১৩ অক্টোবর ২০২৬

একাডেমিক নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

একাডেমিক নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন
ছবিঃ প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলামের ওপর একাডেমিক নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার এবং বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, আমরা কাজী মোহাইমিনুল ইসলামের ওপর কথিত একাডেমিক নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি। তিনি নিরাপদে ফিরে আসায় আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তবে আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ে তাঁর মতো আরও অনেক শিক্ষার্থী একাডেমিক নিপীড়নের শিকার হলেও ভয়ে অভিযোগ করতে পারেন না।


তিনি বলেন,আমরা আরও দাবি জানাচ্ছি, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষার সুযোগ এবং একাডেমিক নিপীড়নবিরোধী সেল গঠন করতে হবে। পাশাপাশি শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহি ও ডেমো ক্লাসের মাধ্যমে মূল্যায়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন,জাতীয় ছাত্রশক্তির ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা কোনো আপস করব না।

এছাড়া শাখা ছাত্রশক্তির সেক্রেটারি নাদিয়া রহমান অন্বেষা, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সর্বশেষ

জনপ্রিয়