বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ২ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে অভিযানের জন্য ন্যাটো গঠিত হয়নি: ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী

হরমুজ প্রণালিতে অভিযানের জন্য ন্যাটো গঠিত হয়নি: ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী
ছবি: সংগৃহীত

ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই ন্যাটো-র মূল লক্ষ্য—হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো সামরিক অভিযান চালানোর জন্য এই জোট গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ফ্রান্সের কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রুফো।

বুধবার (১ মার্চ) প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ার অ্যান্ড পিস’ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

অ্যালিস রুফো বলেন, ন্যাটোর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। এটি মূলত ইউরো-আটলান্টিক অঞ্চলের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য গঠিত একটি সামরিক জোট, কোনো নির্দিষ্ট জলপথে অভিযান চালানোর জন্য নয়। তার মতে, হরমুজ প্রণালিতে এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর পরপরই ইরান বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ জোরদার করে।

এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশগুলোকে সেখানে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। তবে ইউরোপীয় দেশগুলো সেই আহ্বানে সাড়া দেয়নি, যা যুক্তরাষ্ট্র-ইউরোপ প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এ ঘটনার প্রেক্ষিতে ন্যাটো নিয়ে সমালোচনা করেছেন ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেওয়ায় তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। এর আগেও তিনি জোটের সদস্যদের ‘ভীরু’ বলে মন্তব্য করেছিলেন।

সূত্র: রয়টার্স

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ