শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১৯ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবারচালকও রয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে মোট ৫টি গুলির ঘটনা ঘটে। গুলিবর্ষণের স্থানগুলো আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে অন্তত চার মাইল দূরে ছিল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওনকে দুই আর্জেন্টাইন সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি তাদের গাড়ির পাশে এসে দুটি গুলি ছোড়ে। এতে উবারচালকের পায়ে গুলি লাগে। প্রথমে তারা টায়ার বিস্ফোরণের শব্দ মনে করলেও পরে চালককে আহত অবস্থায় দেখে গুলিবর্ষণের বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার পর পুলিশ তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পরে টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়। পুলিশ জানিয়েছে, উবারচালকের আঘাত গুরুতর নয় এবং তিনি আশঙ্কামুক্ত।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রুম্যান রোডে একটি গাড়ি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। চালককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার শরীরে গুলির চিহ্ন শনাক্ত করেন। পরে তিনি মারা যান।

কানসাস সিটি পুলিশের কর্মকর্তা জ্যাকব বেকিনা বলেন, সব ভুক্তভোগীই জানিয়েছেন যে তারা সড়ক বা মহাসড়কে গাড়ি চালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তদন্তকারীদের ধারণা, প্রাণহানিহীন গুলিবর্ষণের ঘটনাগুলো একই ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত হয়েছে।

পরে শহরতলি ইনডিপেনডেন্স এলাকার একটি বাড়িতে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। তবে বুধবার সকাল পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক।

এদিকে, কানসাস সিটি (কানসাস) পুলিশও গত ১১ জুনের একটি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনায় একই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়