বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ২৫ আগস্ট ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে সৌদি আরবের প্রার্থী ড. হানান বালখি
ছবি: সংগৃহীত

২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে ড. হানান হাসান বালখিকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যব্যবস্থা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে ড. বালখির রয়েছে দীর্ঘদিনের বৈজ্ঞানিক ও নেতৃত্বদানের অভিজ্ঞতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশীয়, আঞ্চলিক ও বৈশ্বিক—তিন স্তরেই তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিশেষভাবে, ড. বালখি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন। পাশাপাশি তিনি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক সংস্থাটির প্রথম সহকারী মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি জনগোষ্ঠীকে স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া এবং স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগ ও নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, ড. বালখিকে মনোনয়নের মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারাবাহিক উন্নয়ন, সদস্য রাষ্ট্রগুলোর প্রয়োজন মেটানোর সক্ষমতা বৃদ্ধি এবং সমতা, স্বচ্ছতা ও দক্ষতার নীতি আরও শক্তিশালী করার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে বিশ্বজুড়ে স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

এই মনোনয়ন বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদার এবং বর্তমান ও ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর, টেকসই ও স্থিতিস্থাপক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকার প্রতি সৌদি আরবের আস্থারও প্রতিফলন।

এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বহুপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতা জোরদার, স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় সৌদি আরবের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়েছে।

বিশেষ করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সৌদি আরব আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় জানিয়েছে।

জনপ্রিয়