বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪, ২৬ আগস্ট ২০২৬

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকলজি ওয়ার্ডের নবজাতক কক্ষে এ ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল। আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। নিহত ১৫ শিশুর মধ্যে ১৪ জন আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

উদ্ধারকারী সংস্থার প্রাথমিক তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে নার্সারিতে থাকা একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কাজ করে। পরে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর হাসপাতালের ওই অংশ ঠান্ডা করার কাজ শুরু করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল সেখানে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ ঘটনায় আগুনের প্রকৃত কারণ ও দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটি অগ্নিকাণ্ডের কারণ, আগুন ছড়িয়ে পড়ার পরিস্থিতি এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে প্রতিবেদন দেবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সূত্র: জিও নিউজ

সর্বশেষ

জনপ্রিয়