শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ২৮ আগস্ট ২০২৬

তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প

তিব্বতে ৫ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

চীনের তিব্বত অঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে উত্তর তিব্বতে এ ভূমিকম্প অনুভূত হয়। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র বুধবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের অঞ্চলগুলো থেকে কয়েক শ মাইল উত্তরে অবস্থিত।

এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবর জানিয়েছিল চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য প্রকাশ করে।

এদিকে, তিব্বতে একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে তৈরি হওয়া হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় চীন চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদটির পানির স্তর এবং বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়।

পাশাপাশি পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ দলকে গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে। বন্যার ক্ষয়ক্ষতির মধ্যে নতুন করে ভূমিকম্পের ঘটনায় তিব্বত অঞ্চলের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স

জনপ্রিয়