শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ২৯ আগস্ট ২০২৬

নিখোঁজদের সন্ধানে বিদেশি বাহিনীকে অনুমতি দিলো নেপাল

নিখোঁজদের সন্ধানে বিদেশি বাহিনীকে অনুমতি দিলো নেপাল
ছবি: সংগৃহীত

নেপালের ভটেকোশী নদীতে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সহায়তা না নেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির সরকার। বন্যায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক থাকায় সংশ্লিষ্ট দেশগুলোর তীব্র কূটনৈতিক চাপের মুখে সরকার এ সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

বুধবার নেপাল সরকার জানিয়েছিল, দেশটির নিজস্ব উদ্ধারকারী দলই অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনায় সক্ষম। তাই বিদেশি উদ্ধারকারী দলকে দুর্গত এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে একদিনের মধ্যেই সেই অবস্থান থেকে সরে এসে সুড়ঙ্গ থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক কার্যক্রমে সীমিতসংখ্যক বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং বিশেষজ্ঞদের অনুমতি দেওয়ার জন্য ব্যাপক চাপ ছিল। কারণ, নিখোঁজদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাই নির্দিষ্ট কিছু এলাকায় সীমিতসংখ্যক বিদেশি বিশেষজ্ঞকে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে।

ভয়াবহ এই আকস্মিক বন্যায় ভটেকোশী ও ত্রিশূলী নদীর তীরবর্তী জনবসতিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার পর্যন্ত এতে ৫৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৩১টি দেশের ৫১৭ জন বিদেশিসহ মোট ৯৭৭ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক—১৭৮ জন। এছাড়া ৬৫ জন মার্কিন নাগরিক, ৫৩ জন ইউক্রেনীয়, ৩৫ জন অস্ট্রেলীয় এবং ৩৩ জন যুক্তরাজ্যের নাগরিক রয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মূল্যায়নের ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির মাধ্যমে ভারত, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের দল পাঠানোর অনুমতি দিয়েছে নেপাল সরকার। এসব দলের সদস্যরা সুড়ঙ্গ থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা এবং ফরেনসিক কার্যক্রমে সহায়তা করবেন।

সূত্র : কাঠামান্ডু পোস্ট

জনপ্রিয়