নেপালে বন্যায় নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী, ধ্বংস ৯ স্কুল
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শিক্ষা খাতেও নেমে এসেছে বড় বিপর্যয়। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে দুই শতাধিক স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে। একই সঙ্গে প্রাণ হারানোর আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকজন শিক্ষার্থীর। খবর বিবিসির।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আরও সাতটি স্কুল আংশিক ক্ষতির শিকার হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকটিতে শিক্ষক ও শিক্ষার্থীদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, বন্যায় দুই শতাধিক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ছাড়া প্রায় ২০ জন শিক্ষার্থী বন্যার তীব্র স্রোতে ভেসে গেছে বলে জানানো হয়েছে।
বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি দেখা গেছে রাসুয়া ও নুওয়াকোট জেলায়। ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বড় একটি অংশই এই দুই জেলায় অবস্থিত।
জেলা দুটির কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। আকস্মিক বন্যায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটি পানিতে তলিয়ে গেছে, আবার কোনোটি মাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
এরই মধ্যে একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানির প্রবল স্রোতে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ভেসে গেছে। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নেপালের ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। দুর্গম এলাকায় উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় নিখোঁজ শিক্ষার্থী ও অন্যান্য নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্বেগ আরও বাড়ছে।



























