ইসরায়েল ‘শয়তান’, যুক্তরাষ্ট্র ‘মহাশয়তান’: গালিবাফ
দক্ষিণ ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় হতাহতের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ এ প্রতিক্রিয়া জানান। তার বক্তব্যের বরাত দিয়ে এএফপির প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সামনে আসে।
বার্তায় গালিবাফ দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় শিশুদের প্রাণহানির কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেন। এর মধ্যে মিনাবের একটি স্কুল, লামের্দের একটি স্পোর্টস হল এবং কোহেসতাকে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার বিষয় তুলে ধরেন তিনি।
নিরপরাধ মানুষ, বিশেষ করে শিশুদের হত্যা এবং গণহত্যার মতো কর্মকাণ্ডকে তিনি ‘শয়তানি আচরণ’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, কোনো শক্তিশালী রাষ্ট্র যদি শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্য নির্ধারণ করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তাহলে তাকে শয়তান বলাই স্বাভাবিক।
গালিবাফ আরও বলেন, ‘যদি কোনো ক্ষমতাধর শয়তানের মতো আচরণ করে, শয়তানের মতো লক্ষ্যবস্তু নির্বাচন করে এবং শয়তানের মতো মানুষ হত্যা করে, তবে সেটিই শয়তান। আর যে একই কাজ করা ছোট শয়তানকে রক্ষা করে, সে-ই হলো মহাশয়তান।’
এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন হামলায় হতাহতের খবর আসে। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনায় কয়েকজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। যুক্তরাষ্ট্র অবশ্য হামলার ওই নির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: ডন



























