শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪১, ৪ সেপ্টেম্বর ২০২৬

গাজা খালি করার পরিকল্পনা প্রকাশ বেন-গভিরের

গাজা খালি করার পরিকল্পনা প্রকাশ বেন-গভিরের
ছবিঃ সংগৃহীত

ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গাজা উপত্যকা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে বিদেশে পাঠানোর একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। তার দাবি, পরিকল্পনাটি বাস্তবসম্মত এবং প্রথম বছরে গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হবে। পরবর্তী ছয় বছরে উপত্যকার বাকি প্রায় ২০ লাখ বাসিন্দাকেও সরিয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে প্রকাশিত এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে। বেন-গভির দাবি করেছেন, গাজার বাসিন্দাদের গ্রহণ করতে আগ্রহী কয়েকটি দেশ প্রস্তুত রয়েছে, যদিও তিনি কোনো দেশের নাম প্রকাশ করেননি।

‘ন্যাশনাল ওয়ার্ক প্ল্যান ফর ভলান্টারি এমিগ্রেশন ফ্রম দ্য গাজা স্ট্রিপ’ শিরোনামের প্রায় ২০ পৃষ্ঠার পরিকল্পনায় গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের জন্য একটি পৃথক সরকারি কাঠামো ও অভিবাসনবিষয়ক মন্ত্রণালয় গঠনের প্রস্তাবও রয়েছে।

তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত ভূখণ্ড থেকে বেসামরিক জনগণকে জোরপূর্বক সরিয়ে দেওয়া যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এ কারণে পরিকল্পনাটি মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। সমালোচকদের মতে, যুদ্ধবিধ্বস্ত ও মানবিক সংকটে থাকা গাজা থেকে মানুষ চলে যেতে বাধ্য হলে সেটিকে ‘স্বেচ্ছামূলক অভিবাসন’ বলা যায় না।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন।

জনপ্রিয়