শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

এয়ারবাসের বিমান কেনাবেচা ঘিরে ৮ লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপাকসেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারের পর কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা ৪০ বছর বয়সী নামাল রাজাপাকসেকে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্তের স্বার্থে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন। তার আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।

দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানায়, ২০১৩ সালের বহুল আলোচিত ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের এয়ারবাস চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদের পর নামালকে আদালতে হাজির করা হয়।

আদালতে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে শ্রীলঙ্কার কর্মকর্তা ও রাজনীতিকদের জন্য নির্ধারিত ঘুষের অর্থের একটি অংশ হিসেবে নামাল রাজাপাকসে ৮ লাখ ডলার গ্রহণ করেন। সিঙ্গাপুরের দুটি ব্যাংক হিসাবের মাধ্যমে তার কাছে ওই অর্থ পৌঁছাতে সহায়তা করেন শ্রীলঙ্কার এক প্রভাবশালী ব্যবসায়ী।

এর আগে একই এয়ারবাস চুক্তিকে কেন্দ্র করে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকেও জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন। ২০১৬ সালে তৎকালীন শ্রীলঙ্কা সরকার চুক্তিটি বাতিল করে।

অভিযোগ অনুযায়ী, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাহিন্দা রাজাপাকসের শাসনামলে ১০টি এয়ারবাস বিমান কেনার জন্য মন্ত্রিসভার অনুমোদন আদায়ের বিনিময়ে প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার ঘুষ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল এয়ারবাস।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ তদন্তেও ওই চুক্তিতে ঘুষের অভিযোগের প্রমাণ পাওয়া যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শুরু থেকেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছে রাজাপাকসে পরিবার। তাদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সূত্র: এনডিটিভি

জনপ্রিয়