শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প

শি জিনপিংয়ের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: ট্রাম্প
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দুই দেশের আলোচনাকে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওভাল অফিসে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা আগামী কয়েক দশকে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০১৬ সাল থেকেই প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, পারস্পরিক সম্মান ও দুই দেশের জনগণের স্বার্থের ভিত্তিতেই এই সম্পর্ক গড়ে উঠেছে।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন ইস্যুতে কাজ করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ করতে তারা কাজ করছেন।

বৈঠকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন শি জিনপিং। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের স্বার্থ গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত। তাই দুই দেশের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করা উচিত। পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে দুই দেশের সামনে অনেক সুযোগ রয়েছে।

শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা এবং দুই দেশের মধ্যকার মতপার্থক্য কমিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে দুই দেশের জনগণের বন্ধুত্ব আরও এগিয়ে নিয়ে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে ইরান ইস্যুতেও আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকে ফিরে যাওয়া এবং নৌ অবরোধ বন্ধের পক্ষে সমর্থন জানিয়েছেন শি জিনপিং।

তবে বৈঠকে সবচেয়ে স্পর্শকাতর বিষয় ছিল তাইওয়ান। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন শি জিনপিং। এ বিষয়ে অবশ্য হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য জানানো হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়