রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা ঘোষণা

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা ঘোষণা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের প্রভাবে কয়েক কোটি মানুষ দুর্যোগের ঝুঁকিতে পড়েছেন। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পাশাপাশি নিউইয়র্ক ও নিউ জার্সির কয়েকটি উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা। পরিস্থিতি মোকাবিলায় অঙ্গরাজ্য দুটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং সড়ক ও অন্যান্য যোগাযোগব্যবস্থায় বিঘ্ন ঘটছে। ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের পূর্বাভাস রয়েছে। ঝুঁকির কারণে বিভিন্ন স্টেডিয়াম ও খোলা মাঠের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। এর মধ্যে বোস্টনে সংগীতশিল্পী এড শিরানের বহুল প্রতীক্ষিত কনসার্টও রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, শনিবার নিউইয়র্ক সিটি, বোস্টনসহ বিভিন্ন এলাকায় বিপজ্জনক বন্যা পরিস্থিতি, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা ছিল। উপকূলীয় বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান পাওয়ারআউটেজের তথ্য অনুযায়ী, ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের এক লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইটআওয়ারের তথ্য অনুযায়ী, ২ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

শনিবার নিউ জার্সির উপকূলীয় সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়ে। এনডব্লিউএস সতর্ক করে বলেছে, সমুদ্রতীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক হতে হবে। এসব এলাকায় পানি ঢুকে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্কে পুরো সপ্তাহান্তে ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ মাইল বা ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার ঝুঁকি রয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিও বার্তায় নগরবাসীকে অপ্রয়োজনে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি না চালানো এবং হেঁটে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও এক বিবৃতিতে ঝড়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছেন তিনি।

নরইস্টারের প্রভাব থেকে বাদ যায়নি ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনও। বোস্টন এলাকার বেসবল দল রেড সক্সের সঙ্গে শিকাগো কাবসের সিরিজের শেষ ম্যাচটি শনিবার হওয়ার কথা থাকলেও তা রোববার বিকেলে ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া পেশাদার ফুটবল দল রেড বুল নিউইয়র্ক ও সেন্ট লুইস সিটি এসসির মধ্যকার ম্যাচও বাতিল করা হয়েছে। নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে আয়োজিত ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল হয়েছে। ওই অনুষ্ঠানে লরিন হিল, ওয়াইক্লেফ জ্যাঁ ও জন লিজেন্ডের পরিবেশনা করার কথা ছিল।

বোস্টন এলাকার জিলেট স্টেডিয়ামে এড শিরানের কনসার্টও ঝড়ের কারণে বাতিল করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক ভেন্যু কর্তৃপক্ষ।

জনপ্রিয়