ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালে দেশটির বিমানবাহিনীর যুদ্ধবিমান মিরাজ ২০০০ডি বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এছাড়া বিমান চালনা সহায়তাকারী কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়।
বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের বরাতে ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি এ তথ্য জানায়।
বিএফএমটিভির তথ্য অনুযায়ী, ন্যান্সি-ওশে বিমানঘাঁটি থেকে পরিচালিত যুদ্ধবিমানটি মঙ্গলবার গভীর রাতে ন্যান্সি শহরের কাছে ম্যুর্ত-এ-মোসেল এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটিতে পাইলট ও নেভিগেটর ছিলেন। কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া নিখোঁজ নেভিগেটরের সন্ধানে অব্যাহত রয়েছে অভিযান।
স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে (জিএমটি ২১টা ৩৫ মিনিট) ন্যান্সির উত্তরে রোগভিল, দোমেভ্র-অঁ-এ ও ত্রঁবলকুর গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। কাছের পঁ-আ-মুসোঁ শহরের মেয়র অঁরি লিমোয়েন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উল্লেখযোগ্যসংখ্যক পুলিশ ও অগ্নিনির্বাপণকর্মী মোতায়েন করা হয়েছে।
লিমোয়েন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ড্রোনের সাহায্যে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। তবে জরুরি উদ্ধার তৎপরতা চলমান থাকায় কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। এদিকে, রোগভিলে একটি সংকট সমন্বয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। আশপাশের এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।



























