বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ১১ এপ্রিল ২০২৬

গুলশানে বাড়ি দখলের সেই ভুয়া মালিক আজিজ খান গ্রেপ্তার

গুলশানে বাড়ি দখলের সেই ভুয়া মালিক আজিজ খান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে অন্যের বাড়ি-সম্পত্তি দখলের অভিযোগে চক্রের মূলহোতা হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

পুলিশ জানায়, হানিফ হাওলাদার নিজের পরিচয় গোপন করে ‘আব্দুল আজিজ খান’ নাম ব্যবহার করে একটি ভুয়া এনআইডি তৈরি করেন। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি পুলিশের এক কর্মকর্তার সহযোগিতায় গুলশানে ১৯ কাঠা আয়তনের একটি বাড়ি দখল করেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ১৯ মার্চ ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার সুযোগ নিয়ে গুলশান-১ এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িটি দখল করে হানিফ হাওলাদার ও তার সহযোগীরা। বাড়িটির আয়তন ১৯ কাঠা ১৩ ছটাক। অভিযোগ রয়েছে, এ সময় পুলিশের এক কর্মকর্তার প্রত্যক্ষ মদদ ছিল।

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের তৎকালীন সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দখলের পাঁচ দিনের মাথায় হানিফের চক্র বাড়িটি ছেড়ে চলে যায় এবং প্রকৃত মালিক পক্ষ পুনরায় বাড়ির দখল নেয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত হানিফ হাওলাদার ওরফে ভুয়া আব্দুল আজিজ খান একজন পেশাদার প্রতারক। তার বিরুদ্ধে বাড়ি দখল, হুমকি ও চাঁদাবাজির মামলা রয়েছে এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, একই মামলায় এর আগে চক্রের আরেক সদস্য মো. ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০১৩ সালের শেষদিকে আব্দুল আজিজ খান নামের এক ব্যক্তির কাছ থেকে পুরাতন ভবনসহ গুলশানের ওই বাড়িটি ক্রয় করে মেসার্স মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাবাসসুম আরেফিন রহমান (ডাকনাম মুন)। ভবনটিতে ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তার বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করে আসছিলেন।

তবে হানিফ হাওলাদার নিজেকে বাড়ির প্রকৃত মালিক দাবি করে ভুয়া পরিচয়পত্র তৈরি করেন এবং চক্রের সদস্যদের সহায়তায় জাল কাগজপত্র বানিয়ে দীর্ঘদিন ধরে বাড়িটি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ বিষয়ে এর আগেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল।

পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ‘আব্দুল আজিজ খান’ পরিচয়টি সম্পূর্ণ ভুয়া এবং এর আড়ালে থাকা ব্যক্তি হানিফ হাওলাদারই এই প্রতারণা চক্রের মূল হোতা।

সম্পর্কিত বিষয়: