রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:০৯, ২৯ মে ২০২৪

‘অপরাধী যতই প্রভাবশালী হোক সরকারের সহযোগিতা পাবে না’

‘অপরাধী যতই প্রভাবশালী হোক সরকারের সহযোগিতা পাবে না’
সংগৃহীত

অপরাধী যতই প্রভাবশালী ক্ষমতা হোক না কেন, সরকারের কাছে তারা সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২৯ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের অনিয়মের বিষয়টি নিয়ে সরকার বিব্রত কি না— এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করেন‌, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এখানে সরকার বিব্রত হবে বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতে চলবে। তিনি যেটা বলেছেন, লোকটা যতই প্রভাবশালী হোন না কেন, সরকার কোনোরকম প্রটেকশন কাউকে দেবে না। আইন নিজের গতিতে চলবে।

কলকারখানা ভবনের নিরাপত্তা নিয়ে সালমান বলেন, তিনটি ভাগে কলকারখানা পরিদর্শন করা হয়েছে। প্রথম দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন শেষে তাদের সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বাস্তবায়ন করেছে এবং ৪ শতাংশ কলকারখানা বন্ধ করা হয়েছে।

দ্বিতীয় দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন করা হয়েছে এবং তৃতীয় দফায় ১৬টি জেলায় পরিদর্শন করা হবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আ/ম

সর্বশেষ

জনপ্রিয়