যবিপ্রবি এফবি বিভাগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের এফবি বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগটির আয়োজনে অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের সঠিক পথ ও সততা অবলম্বনের আহ্বান জানিয়ে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ‘জীবনে সফল হতে হলে সত্য ও সঠিক পথ বেছে নিতে হবে। কর্মজীবনে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের বাসস্থান, যেখানে নানা ধরনের অভিজ্ঞতা ও পথের সম্মুখীন হতে হয়; সেখান থেকে সঠিক পথ বেছে নেওয়াই মূল লক্ষ্য হওয়া উচিত তোমাদের।’ তিনি আরও বলেন, স্বল্প সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ প্রয়াসে বিশ্ববিদ্যালয়টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, এ তিনটি বিষয়ে প্রশাসন অনড় এবং সবার সহযোগিতা কামনা করেন।
এফবি বিভাগের চেয়ারম্যান এ. এইচ. এম. শাহারিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. ইমরান শেখ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, এফবি বিভাগের প্রভাষক রুহুল কুদ্দুস ও মো. শাহনুর রহমানসহ প্রমুখ। অনুষ্ঠানে এফবি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এফবি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



























