শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সকাল ১০টা ১৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে পৌঁছাবেন বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং এবং সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পুরো এলাকায় জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপপ্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি বলেন, স্মৃতিসৌধে পৌঁছে নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। এরপর সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করবে।
এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করবেন রাষ্ট্রপতি। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করবেন।



























