মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ২৪ আগস্ট ২০২৬

৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় ৬২ হাজার মানুষ: সিপিডি

৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মহীন প্রায় ৬২ হাজার মানুষ: সিপিডি
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতিতে গত ছয় মাসে ৩১টি গুরুত্বপূর্ণ সূচকের মধ্যে ১৯টিতেই অবনমন হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একই সময়ে বিভিন্ন কারণে ৯৫টি কারখানা বন্ধ হয়ে প্রায় ৬২ হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছেন।

অর্থনীতিকে দ্রুত সঠিক পথে ফেরাতে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে সরকার পুরোনো সিন্ডিকেটের প্রভাবের মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সিপিডি। প্রতিষ্ঠানটি মনে করছে, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ় সিদ্ধান্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমলাতান্ত্রিক চাপের কারণে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার প্রত্যাশিত রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সিপিডির কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য অর্থনীতিবিদ উপস্থিত ছিলেন।

ড. দেবপ্রিয় বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ঠিক কী অবস্থায় ছিল, সে বিষয়ে কোনো নথিপত্র নেই। অন্তর্বর্তী সরকারের সময় হয়তো এ বিষয়ে কোনো বাছবিচার করতে চাওয়া হয়নি বলেই এমন কোনো দলিল সংরক্ষণ করা হয়নি বলে তিনি মনে করেন।

সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর ভাষ্য, সরকারের উচ্চপর্যায়ে দলীয় নিয়োগ সঠিক হয়নি। পাশাপাশি ‘জিরো টলারেন্স’ নীতির কথা বলা হলেও বিভিন্ন সময়ে মবের ঘটনা ঘটেছে, যা সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।

নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রেও সতর্ক হওয়ার পরামর্শ দেন ড. দেবপ্রিয়। তিনি বলেন, নতুন করে ঋণ নেওয়ার আগে আগের ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের সক্ষমতা এবং কত সময়ের মধ্যে সেই ঋণ পরিশোধ করা হবে—এসব বিষয়ে যথাযথ মূল্যায়ন প্রয়োজন।

তিনি আরও জানান, গত ছয় মাসে বিভিন্ন কারণে দেশে ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। এর ফলে প্রায় ৬২ হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছেন, যা দেশের শ্রমবাজার ও অর্থনীতির জন্য উদ্বেগজনক।

ব্রিফিংয়ে সিপিডি জানায়, গত ছয় মাসে পর্যবেক্ষণ করা ৩১টি অর্থনৈতিক সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

সিপিডির আশঙ্কা, অর্থনীতির বর্তমান পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করা না গেলে পুরোনো সিন্ডিকেটগুলো আবারও প্রভাব বিস্তার করতে পারে। এজন্য অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন, জবাবদিহিতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও দৃঢ়তার ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি।

সর্বশেষ

জনপ্রিয়