ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই ভূমিকে শুধু পরিবেশগত ব্যয় হিসেবে না দেখে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে।
আজ মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশনের ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজের (ইউএনসিসিডি কপ-১৭) ফাইন্যান্স ডে উপলক্ষ্যে ‘স্বাস্থ্যকর ভূমি ও খরা সহনশীলতায় উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থা’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের সংলাপে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ভূমি অবক্ষয় কমাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে মাটির উর্বরতা রক্ষা, বনভূমি সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, পাহাড়ি ভূমিক্ষয় রোধ, উপকূলীয় লবণাক্ততা মোকাবিলা এবং নদীভাঙনসহ ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিকে প্রযুক্তিনির্ভর ও জলবায়ু-সহনশীল খাতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য ঋণ ও কৃষিঋণ সহায়তার পরিধিও সম্প্রসারণ করা হচ্ছে, যাতে তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন অব্যাহত রাখতে পারেন।



























