২৭ আগস্ট থেকে সংসদ অধিবেশন, ঢাকার যেসব এলাকায় সভা-মিছিল নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অধিবেশন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে পরিচালনা নিশ্চিত করতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন এবং এর সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপির আদেশ অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার সীমানার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা। এর সঙ্গে বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত অংশও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
অন্যদিকে রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি, পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকা এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।
এর পাশাপাশি জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লেখিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।



























