বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ২৫ আগস্ট ২০২৬

গণমাধ্যমে সরকারের পজিটিভ নিউজগুলো তুলে ধরলে অনুপ্রেরণা পাই : তথ্য প্রতিমন্ত্রী

গণমাধ্যমে সরকারের পজিটিভ নিউজগুলো তুলে ধরলে অনুপ্রেরণা পাই : তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ গণমাধ্যমে প্রতিফলিত হলে বা তুলে ধরলে কাজ করার বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায়।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করে কোনো সংবাদে হস্তক্ষেপ করেননি, কিংবা সরকারের মদদে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি-এই ইতিবাচক পরিবর্তনগুলো যখন গণমাধ্যমে উঠে আসে, তখন সরকার এবং আমরা ব্যক্তিগতভাবে কাজ করার অনুপ্রেরণা পাই। আপনারা ভালো কাজগুলো তুলে ধরলে আমরা কাজের গতি ও মান আরও উন্নত করতে পারি।’

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতেও আমরা বলেছি, সরকারের বিরুদ্ধে কথা বলার কিংবা সমালোচনা করার স্বাধীনতা সবার রয়েছে। এই স্বাধীনতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য অনুধাবন করা জরুরি। রাষ্ট্রের বিরুদ্ধে যায় কিংবা রাষ্ট্রদ্রোহী হয়-এমন কোনো সংবাদ বা মন্তব্য প্রচার করা ঠিক নয়।’

সরকারি প্রচার মাধ্যমের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) অন্যান্য সরকারি গণমাধ্যমে শুধু সরকার বা সরকারি দলের সংসদ সদস্যদের খবর নয়, বরং জাতীয় সংসদ ও সংসদের বাইরের বিরোধী দলগুলোর বক্তব্য ও সংবাদ আনুপাতিকহারে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়