বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৩, ২৬ আগস্ট ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ছবিঃ সংগৃহীত

আজ ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে দিনটি দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ (২৬ আগস্ট) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পবিত্র এ দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল, দোয়া, কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা সভা এবং সিরাতুন্নবী (সা.) বিষয়ক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভা ও বিশেষ কর্মসূচি পালিত হচ্ছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে বিবেচিত। তার জীবন ছিল সত্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম উম্মাহ তার জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ বিশ্বমানবতার জন্য চিরন্তন পথনির্দেশ। তার চরিত্রে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, সহনশীলতা ও মানবিকতার অনন্য সমন্বয় ঘটেছিল। তিনি দরিদ্র, এতিম, অসহায় ও নিপীড়িত মানুষের প্রতি ছিলেন অত্যন্ত মমতাশীল।

রাষ্ট্রপতি আরও বলেন, নারী, শিশু, প্রতিবেশী ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহানবী (সা.) সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়ে গেছেন। ধর্ম, বর্ণ, ভাষা কিংবা সামাজিক অবস্থানের কারণে কাউকে অবজ্ঞা না করার শিক্ষা তিনি দিয়েছেন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই ছিল তার অন্যতম লক্ষ্য।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করেই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব।

তিনি বলেন, মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক মহিমান্বিত ঘটনা। তার শিক্ষা ও আদর্শ অনুসরণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, র‍্যাব ও অন্যান্য সংস্থা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সাইবার প্যাট্রলিং বৃদ্ধি করেছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা, নাশকতা বা গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

ইসলামের ইতিহাস অনুযায়ী, সৌদি আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে ইন্তেকাল করেন। পবিত্র এ দিনে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ শরিফ পাঠ, দান-সদকা ও নফল ইবাদতের মাধ্যমে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করবেন।

জনপ্রিয়