বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ২৬ আগস্ট ২০২৬

৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার ফ্লাইট

৯ সেপ্টেম্বর থেকে ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার ফ্লাইট
ছবি: সংগৃহীত

ঢাকা ও যশোরের মধ্যে আকাশপথে যোগাযোগ আবারও চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ৯ সেপ্টেম্বর থেকে এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহত্তর যশোর অঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা এবং দ্রুত বিমান যোগাযোগের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। শনিবার, বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন দুটি করে মোট ছয়টি ফ্লাইট চলাচল করবে। যাত্রী পরিবহনে ৭২ আসনের এটিআর ৭২-৬০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে।

সংস্থার নতুন সময়সূচি অনুযায়ী, নির্ধারিত তিন দিন সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা থেকে প্রথম ফ্লাইট ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে যশোরে পৌঁছাবে। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে যশোর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ফ্লাইটটি।

দিনের দ্বিতীয় ফ্লাইট বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে বিকেল ৫টা ৩০ মিনিটে যশোরে অবতরণ করবে। পরে সন্ধ্যা ৬টায় যশোর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

ঢাকা-যশোর রুটে ইউএস-বাংলার সর্বনিম্ন একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৪৯ টাকা। আর যাওয়া-আসার টিকিটের সর্বনিম্ন ভাড়া ১১ হাজার ৪৯৮ টাকা। নির্ধারিত এই ভাড়ার সঙ্গে প্রযোজ্য ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।

২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটে তাদের যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজধানীর দ্রুত আকাশ যোগাযোগ স্থাপনে নিজেদের কার্যক্রম বিস্তৃত করে প্রতিষ্ঠানটি।

বর্তমানে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর ও রাজশাহীসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এবার সেই কার্যক্রমের অংশ হিসেবে পুনরায় ঢাকা-যশোর রুটে বিমান চলাচল শুরু করছে সংস্থাটি।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, যশোর ও আশপাশের অঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও পর্যটনসহ নানা প্রয়োজনে ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের প্রয়োজন হয়। এসব বিষয় এবং যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করেই রুটটি আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীদের চাহিদা এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করবে ইউএস-বাংলা।

ঢাকা-যশোর রুটের ফ্লাইট বুকিং, সময়সূচি ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জানতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫ নম্বরে যোগাযোগ করা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়