রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের হওয়া এ শোভাযাত্রাকে ঘিরে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সাদা পোশাক ও টুপি পরা মানুষের উপস্থিতির পাশাপাশি কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে চারপাশ।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আয়োজনে অনুষ্ঠিত জশনে জুলুসে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি শাহসূফী ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।
ভোর হওয়ার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ সুফিবাদী মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্যানের বিভিন্ন প্রান্তে বাড়তে থাকে মানুষের ভিড়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় বিশাল জনসমাগমে।
সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে আবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজন করা হয় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ।
জুলুসের অগ্রভাগে থাকা বিশাল ব্যানারে লেখা ছিল ‘ইয়া নবী সালামু আলাইকা’ ও ‘ইয়া রাসূল সালামু আলাইকা’। অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় কালেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড ও বিভিন্ন বার্তা সংবলিত ফেস্টুন। অনেকেই বহন করেন বিশাল জাতীয় পতাকাও।
অংশগ্রহণকারীদের অধিকাংশের পরনে ছিল সাদা টি-শার্ট এবং মাথায় সাদা ক্যাপ। শোভাযাত্রার পুরো পথে ‘নারায়ে তাকবীর’, ‘নারায়ে রিসালাত’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো।
নবীপ্রেমের আবেগ, ধর্মীয় স্লোগান ও বিপুল মানুষের অংশগ্রহণে জশনে জুলুসকে ঘিরে রাজধানীতে তৈরি হয় উৎসবমুখর ও ভিন্নধর্মী এক পরিবেশ।



























