বিকেলে বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশনের কার্যক্রম শুরু হবে।
রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অধিবেশনকে ঘিরে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
একই সঙ্গে সংসদ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন। অধিবেশন চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংসদ ভবন ও আশপাশের এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইন ভঙ্গের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটিগুলো গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
তিনি জানান, বিরোধীদলের পক্ষ থেকে কমিটির সদস্যদের নাম পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলো চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, তৃতীয় অধিবেশন ৫, ৭ অথবা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে সংসদের প্রয়োজন বিবেচনায় এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।



























