শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ২৭ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন শি জিনপিং

রাষ্ট্রপতি  মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন শি জিনপিং
ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

অভিনন্দন বার্তায় তিনি বাংলাদেশ ও চীনের মধ্যকার সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও দুই দেশের সম্পর্ক স্থিতিশীল ও দৃঢ় রয়েছে।

তিনি আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে উভয় দেশ পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। নিজ নিজ দেশের মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে একে অপরকে সমর্থন করেছে এবং উন্নয়ন ও আধুনিকায়নের পথে একসঙ্গে কাজ করেছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে, কৌশলগত যোগাযোগ বাড়াতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সহযোগিতা সম্প্রসারণে তিনি কাজ করতে আগ্রহী।

তিনি নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন খাতে বিনিময় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

শি জিনপিং আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর হবে এবং এর সুফল উভয় দেশের জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়