সিপিডির নির্বাহী পরিচালক হলেন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিপিডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিপিডি জানায়, অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে ড. নাজনীন আহমেদের। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতি এবং উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তিনি।
সিপিডিতে যোগদানের আগে ড. নাজনীন আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ কার্যালয়ে দুই বছর কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্কে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক ব্যুরোতে তিন বছর পলিসি অ্যাডভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এ দীর্ঘ ২৫ বছর গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৮ সালের জুলাই মাসে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে গবেষণা পরিচালক পদে উন্নীত হন।
ড. নাজনীন আহমেদের গবেষণা ও নীতি-আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, শিল্পায়ন ও কর্মসংস্থান, সুশাসন, লিঙ্গসমতা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি।
তার অসংখ্য গবেষণা প্রবন্ধ ও প্রকাশনা দেশি-বিদেশি স্বীকৃত জার্নাল এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থার বইয়ে প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জন্যও তিনি গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেছেন।
পেশাগত জীবনে বিশ্বব্যাংক, ডিএফআইডি, ইউএনসিটিএডি, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আইএফসি, ইউরোপীয় ইউনিয়ন, আইএফপিআরআই এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি।
শিক্ষাজীবনে ড. নাজনীন আহমেদ নেদারল্যান্ডসের ওয়াখেনিনগেন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি চেভেনিং স্কলার হিসেবেও স্বীকৃত।
সিপিডির মতে, গবেষণা, জননীতি ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে ড. নাজনীন আহমেদের দীর্ঘ অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির গবেষণা ও নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং প্রমাণভিত্তিক নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



























