সেনাবাহিনী মুষ্টিযুদ্ধে সেরা ২৪ পদাতিক ডিভিশন
বাংলাদেশ সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ২৪ পদাতিক ডিভিশন, আর রানার আপ হয়েছে ৬৬ পদাতিক ডিভিশন।
শুক্রবার (২৮ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার যশোর সেনানিবাসে সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।
প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ১৯ পদাতিক ডিভিশনের ল্যান্স করপোরাল মো. হোসেন আলী ‘শ্রেষ্ঠ খেলোয়াড়’ এবং ৫৫ পদাতিক ডিভিশনের শান্ত সাহেব ‘শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়’ নির্বাচিত হন।
গত ২২ আগস্ট শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে সেনাসদস্যরা তাদের ক্রীড়া দক্ষতা ও প্রতিযোগিতামূলক মনোভাবের পরিচয় দেন।
সমাপনী অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও যশোর এরিয়া কমান্ডার, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন এরিয়ার সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় এবং সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর শারীরিক সক্ষমতা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।



























