মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় আহত প্রবাসী, গ্রেপ্তার ২
রাজধানীর মোহাম্মদপুরে ত্রিভুজ প্রেমের জেরে এক প্রবাসী যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্যদের সম্পৃক্ততার তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন— শান্ত এবং বিল্লাল ওরফে কালা বিল্লাল।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য জানান।
পুলিশ জানায়, আহত যুবকের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মোহাম্মদপুর এলাকার কথিত কিশোর গ্যাংয়ের চার সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল এবং দাগকাটা সাইফুল। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এডিসি জুয়েল রানা বলেন, মোহাম্মদপুরের লিমিটেড এলাকায় এক প্রবাসী যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিল্লাল ওরফে কালা বিল্লালকে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে ঘটনার পেছনে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। পুলিশের ভাষ্য অনুযায়ী, আহত প্রবাসী লস্কর হৃদয় কয়েক বছর আগে মোসা. হাফসা আক্তারকে বিয়ে করেন। পরবর্তীতে হাফসার সঙ্গে ‘ক্যাপ্টেন মুন্না’ নামে পরিচিত এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে হাফসা মুন্নার সঙ্গে চলে যান এবং তাকে বিয়ে করেন।
পুলিশের দাবি, পরে হৃদয় সৌদি আরবে চলে গেলেও হাফসার সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল। বিষয়টি নিয়ে মুন্না ও হৃদয়ের মধ্যে বিরোধ তৈরি হয়। সম্প্রতি ছুটিতে দেশে ফেরার পর হৃদয়কে ডেকে নিয়ে হামলা চালানো হয় বলে তদন্তে উঠে এসেছে।
এডিসি জুয়েল রানা বলেন, “দেশে ফেরার মাত্র তিন দিনের মাথায় হৃদয় হামলার শিকার হন। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে।



























