শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২৯ আগস্ট ২০২৬

গুম-খুনে বিশ্বাস করে না সরকার - মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গুম-খুনে বিশ্বাস করে না সরকার - মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ছবিঃ সংগৃহীত

বিরোধী দল বিভিন্ন অভিযোগ তুলতে পারে, তবে বর্তমান নির্বাচিত সরকার কোনো গুম, খুন বা নির্যাতনে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং মানবাধিকার রক্ষা, গুম-খুন ও নির্যাতনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি দাবি করেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, যেখানে কোনো ধরনের গুম, নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে না।

আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে গুম-খুন ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং নিজেও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকো এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও নির্যাতনের শিকার হয়েছেন বলে তাদের পরিবার দাবি করে।

বিরোধীদের সমালোচনা করে মন্ত্রী বলেন, রাজনৈতিক বক্তব্যে নানা অভিযোগ তোলা হতে পারে, তবে বর্তমান সরকার জনগণের সরকার এবং কোনো ধরনের গুম, খুন বা নির্যাতনকে সমর্থন করে না।

এদিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি সম্পর্কে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, আগামী ৩০ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ উপলক্ষে একটি সম্মেলন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের প্রবেশে বিলম্ব ও ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করেন আহমেদ আযম খান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে সাংবাদিকরা যেন এ ধরনের সমস্যার মুখোমুখি না হন, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়