শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৪, ২৯ আগস্ট ২০২৬

দস্যুতার প্রস্তুতিকালে মোহাম্মদপুরে ৩ ছিনতাইকারী আটক

দস্যুতার প্রস্তুতিকালে মোহাম্মদপুরে ৩ ছিনতাইকারী আটক
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকা থেকে ছিনতাই ও দস্যুতা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-২। গ্রেফতাররা ‘কবজি কাটা আনোয়ার গ্রুপ’ ও ‘আই ডোন্ট কেয়ার মোহাম্মদপুর গ্রুপের’ সক্রিয় সদস্য বলে জানিয়েছে সংস্থাটি।

গ্রেফতাররা হলেন - মো. রফিকুল ইসলাম ওরফে রাফাত চকদার (২৫), মো. হানিফ হোসেন ওরফে জয় (২৬) এবং মো. চাঁন মিয়া (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

শনিবার (২৯ আগস্ট) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদীয়া হাউজিং এলাকায় একদল দুর্বৃত্ত দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। পরে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, দস্যুতা, ডাকাতি এবং মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

সংস্থাটি আরও জানায়, রাফাত চকদারের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ডাকাতি ও দস্যুতা সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। জয়য়ের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি তিনটি মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগে তিনি তিনবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন।

অন্যদিকে, চাঁন মিয়ার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় দস্যুতা, ডাকাতি ও মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জনপ্রিয়