কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, রাতেই খুলছে ১৬ জলকপাট
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি ছাড়ার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, জলকপাট খুলে দিলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান। তাঁর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল, যেখানে হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসেও অতিরিক্ত পানি বৃদ্ধির কারণে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি ছাড়তে হয়েছিল। এবারও হ্রদের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে।



























