শনিবার ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ২৯ আগস্ট ২০২৬

অবৈধ স্লিপার কোচ বন্ধে কঠোর অবস্থানে সরকার

অবৈধ স্লিপার কোচ বন্ধে কঠোর অবস্থানে সরকার
ছবিঃ সংগৃহীত

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচ চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। টোল আদায় ব্যবস্থাকে আরও দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে একটি মোবাইল অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘস্থায়ী যানজট নিরসনের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে স্থায়ী বাস টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ঝিলমিল প্রকল্প এলাকায় ১৫ একর জমির ওপর আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ, কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর, সচিবালয় এলাকায় পার্কিং ব্যবস্থার উন্নয়ন এবং অটোরিকশা চলাচলের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়