“সেপ্টেম্বর থেকে ৬ মাসে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক”
সেপ্টেম্বর থেকে আগামী ছয় মাসের মধ্যে মালয়েশিয়ায় ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে মালয়েশিয়ায় নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ছাড়া বাংলাদেশে বিভিন্ন খাতে মালয়েশিয়া ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মীর শাহে আলম।
এ সময় রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়েও কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে দ্রুত বিধিমালা প্রণয়ন করা হবে।
প্রতিমন্ত্রী জানান, ঢাকায় চলাচলের জন্য দুই ও চার আসনের ইরিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় আসনের ইরিকশা নিবন্ধন পাবে না।



























