রোববার ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ৩০ আগস্ট ২০২৬

বগুড়ায় ড্রেন খননের সময় ৩৩৪ রাউন্ড এসএমজি কার্তুজ উদ্ধার

বগুড়ায় ড্রেন খননের সময় ৩৩৪ রাউন্ড এসএমজি কার্তুজ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

বগুড়া শহরের জেলা স্কুলসংলগ্ন এলাকায় ড্রেন নির্মাণকাজ চলাকালে একটি কার্টনে রাখা ৩৩৪ পিস এসএমজি (সাব-মেশিন গান) কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার ৩০ আগষ্ট ২০২৬ সকালে খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্তুজগুলো উদ্ধার ও জব্দ করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, জেলা স্কুলের পাশে পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন খননের সময় শ্রমিকরা লাল টেপে মোড়ানো একটি পরিত্যক্ত কার্টন দেখতে পান। পরে কার্টনটি খুলে ভেতরে বিপুল পরিমাণ কার্তুজ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে কার্তুজগুলো গণনা করে। এতে মোট ৩৩৪ পিস এসএমজি কার্তুজ পাওয়া যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

ওসি জানান, উদ্ধার হওয়া কার্তুজগুলোর কিছু অংশ ভাঙা ও ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। ফলে সেগুলো কতদিন আগে সেখানে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

কার্তুজগুলোর উৎস সম্পর্কে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের সময় বগুড়া সদর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ লুট হয়েছিল। উদ্ধার হওয়া কার্তুজগুলো ওই সময় খোয়া যাওয়া গোলাবারুদের অংশ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত প্রয়োজন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া কার্তুজগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
 

জনপ্রিয়