শিক্ষকসহ চার জন হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ত্রাণমন্ত্রী
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার রংপুর নগরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তীর বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত রোমহর্ষক ও মর্মান্তিক। হত্যাকাণ্ডের পরপরই পুলিশ মূল দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।”
মন্ত্রী বলেন, “ঘটনার অধিকতর তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করবে। বর্তমান সরকার এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।”
তিনি আরও বলেন, ইতোমধ্যে কয়েকটি ঘটনায় সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপের দৃষ্টান্ত স্থাপন করেছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হয়েছে এবং এর বিচারকাজও শেষ হয়েছে।
আসাদুল হাবিব দুলু বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফলে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।



























