শিপ রিসাইক্লিং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ: শিল্পমন্ত্রী
শিপ রিসাইক্লিং দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে শিল্প মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেছেন, “দেশে গ্রিন সার্টিফায়েড শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সংখ্যা অন্তত তিন অঙ্কে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। বর্তমানে দেশে এ ধরনের প্রায় ৩১টি ইয়ার্ড রয়েছে এবং আরও কয়েকটি ইয়ার্ড গ্রিন সার্টিফিকেশন অর্জনের প্রক্রিয়ায় রয়েছে।”
তিনি বলেন, “শিপ রিসাইক্লিং শিল্পে বাংলাদেশ বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। টনের হিসাবে একসময় বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে এ খাতে কিছুটা পিছিয়ে পড়লেও বৈশ্বিক জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে বাংলাদেশের অবস্থান এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”



























