শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভিসা প্রত্যাশীদের সতর্ক করল ঢাকার ভারতীয় হাইকমিশন

ভিসা প্রত্যাশীদের সতর্ক করল ঢাকার ভারতীয় হাইকমিশন
গ্রাফিক্স

প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভিসাপ্রত্যাশীদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, কিছু দালাল ও অসাধু ব্যক্তি ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত ভিসা প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো নানা প্রলোভন দেখিয়ে আবেদনকারীদের বিভ্রান্ত করছে।

হাইকমিশন বলেছে, এসব মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীরা অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়ায় জটিলতা এবং মূল্যবান সময় নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা উচিত নয়। ভিসা আবেদন সংক্রান্ত সব কার্যক্রম নির্ধারিত ও অনুমোদিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতের ট্রানজিট ভিসার আবেদনকারীদেরও সরাসরি সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

ভিসা সংক্রান্ত প্রতারণা এড়াতে আবেদনকারীদের সচেতন থাকার পাশাপাশি নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

জনপ্রিয়