শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৬

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ফাইল ছবি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী রোববার ও সোমবার (৬-৭ সেপ্টেম্বর) দুই দিনের সরকারি সফরকে ঘিরে পুরো জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হচ্ছে তোরণ, চলছে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ। প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শহরকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তুলতে দিন-রাত কাজ করছেন পৌরসভার কর্মীরা।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন তিনি। পরে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন।

সফরের অংশ হিসেবে তিনি শহরের সেনুয়া পাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।

এরপর শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে গিয়ে বিশ্রাম নেবেন। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে নির্ধারিত কর্মসূচি শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন।

রাষ্ট্রপতির সফর উপলক্ষে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন।

রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, “তিনি শুধু রাষ্ট্রপতি নন, তিনি ঠাকুরগাঁওয়ের সন্তান। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে নিজ জেলার মানুষের কাছে ফিরে আসা আমাদের জন্য গর্ব ও আবেগের বিষয়।”

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক জানান, রাষ্ট্রপতির দুই দিনের সফর নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জনপ্রিয়