শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৬, ৫ সেপ্টেম্বর ২০২৬

শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী

শীঘ্রই রমেক হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে : ত্রাণমন্ত্রী
ছবি: সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দীর্ঘদিনের আইসিইউ বেড সংকট আগামী এক মাসের মধ্যে দূর করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, অ্যানেস্থেশিয়া সংকটের কারণে এতদিন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। তবে প্রয়োজনীয় জনবল ও অন্যান্য চাহিদা পূরণের মাধ্যমে দ্রুতই এ সংকট কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার দুপুরে রমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যেগুলো চাহিদা আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছর জুলুম ও নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, বাংলাদেশের প্রতিটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে।’

রমেক হাসপাতালের আইসিইউ সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আপনারা জানেন যে, এই হাসপাতালে আইসিইউ বেডের একটা দাবি ছিল। আমরা অ্যানেস্থেশিয়ার অভাবে তা দিতে পারিনি। আশা করি, আগামী এক মাসের ভেতর নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।’

তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনীয় জনবলসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। এর মাধ্যমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

জনপ্রিয়