মেধার পাশাপাশি ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির
সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি দেওয়া হয়।
আইজিপি বলেন, মেধা মানুষকে সামনে এগিয়ে নেয়, তবে সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে। তাই শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়ারও চেষ্টা করতে হবে।
তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি এড়িয়ে চলার পরামর্শ দেন।
আইজিপি বলেন, প্রযুক্তি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে কাজে লাগাতে হবে। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এমনভাবে সতর্ক থাকতে হবে, যাতে প্রযুক্তিই তাদের নিয়ন্ত্রণ করতে না পারে।
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, দুই বছরে মোট ২ হাজার ১১৩ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছেন। এর মধ্যে রাজধানীতে অবস্থানরত ৩৬০ জন শিক্ষার্থীকে শনিবার আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়। অন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে।
২০২৪ সালে এসএসসি পর্যায়ে ৮০১ জন এবং এইচএসসি পর্যায়ে ২৭২ জন; আর ২০২৫ সালে এসএসসি পর্যায়ে ৮৪৫ জন ও এইচএসসি পর্যায়ে ১৯৫ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।



























