মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ৭ সেপ্টেম্বর ২০২৬

চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার

চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার
ছবি: সংগৃহীত

চিকিৎসকদের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নিরাপত্তা ও সুচিকিৎসার অধিকার রক্ষাকেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, চিকিৎসক ও রোগী—উভয়ের নিরাপত্তার বিষয়েই সরকার অত্যন্ত সচেতন এবং ইতোমধ্যে এ ক্ষেত্রে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সেবা বিভাগ আয়োজিত ‘৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫ হাজার আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় এটি একটি ঐতিহাসিক ও বড় পদক্ষেপ।

তিনি বলেন, শুধু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেই হবে না, স্বাস্থ্যসেবার সামগ্রিক পরিবেশও উন্নত করতে হবে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবার মান বাড়ানোর পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।

নবনিয়োগপ্রাপ্ত তরুণ চিকিৎসকদের উদ্দেশে ড. এম এ মুহিত বলেন, চিকিৎসক হিসেবে তারা দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করবেন। তাদের কর্মক্ষেত্র নিরাপদ ও সুষ্ঠু রাখা যেমন সরকারের দায়িত্ব, তেমনি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের নিরাপদে প্রয়োজনীয় ও মানসম্মত সেবা পাওয়ার অধিকারও নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়