কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও বিড়ি জব্দ
জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানকালে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ১৪ লাখ ৩২ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
আজ সোমবার দুপুরে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৮৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে রাত ১১টা ১০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিচপাড়া কাঁচারাস্তা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির আরেকটি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ৭৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন ও ৬৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।
পরে সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ১৪ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।
এসব তথ্য নিশ্চিত করে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।



























