বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:০০, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী

মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগাতে আরও বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে দেশের মেধাবী তরুণদের যথাযথভাবে কাজে লাগিয়ে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ‘ব্রেইন ড্রেইন’ বা মেধাপাচারের প্রবণতা উল্টো দিকে ঘোরানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাংলাদেশে চীনা দূতাবাস আয়োজিত ‘ঢাকা চায়না ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশকে একটি শিক্ষা হাবে পরিণত করার লক্ষ্যে কাজ চলছে। একসময় মালয়েশিয়ার শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে আসত। এখন উল্টো বাংলাদেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাচ্ছে। মালয়েশিয়া কীভাবে নিজেদের শিক্ষা হাবে পরিণত করেছে, সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, মালয়েশিয়ার নেতৃত্ব বিদেশে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরির পাশাপাশি তাদের দেশে ফিরিয়ে আনতেও বিনিয়োগ করেছে। বাংলাদেশকেও বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে এনে তাদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ব্যবস্থা করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানবসম্পদ। দেশের তরুণ ও শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, অধ্যবসায় এবং পরিশ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের কথাও এ সময় তুলে ধরেন তিনি।

জনপ্রিয়